ম্যাচ প্রায় হাতছাড়ার উপক্রম হয়েছিল। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে তিওয়াতি ও পরাগের দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণ জয় পেল রাজস্থান রয়্যালস। আইপিএলে রোববার রাতের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে স্মিথ শিবির।
টস জিতে আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদ করে ৪ উইকেটে ১৫৮ রান। ৪৪ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন মনিশ পান্ডে। ওয়ার্নার করেন ৪৮ রান। ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের টপ অর্ডারের ছিল করুণ দশা। শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র স্যামসন করেন ২৬ রান। বেন স্টোকস ও স্মিথ করেন সমান ৫ রান। ৭৮ রানে পাঁচ উইকেট হারানো রাজস্থান তখন হারের প্রতীক্ষায়। কিন্তু ষষ্ঠ উইকেটে পুরোদমে জ্বলে ওঠেন পরাগ ও তিওয়াতি।
শেষ অবধি এই জুটি ভাঙতেই পারেনি হায়দরাবাদের বোলাররা। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দুজন। ২৬ বলে সমান দুই চার ও ছয়ে ৪২ রান করেন পরাগ। ২৮ বলে চারটি চার ও দুই ছয়ে ৪৫ রানে অপরাজিত থাকেন তিওয়াতি। ম্যাচ সেরা তিওয়াতিই।
হারলেও নেট রান রেটে রাজস্থানের চেয়ে এগিয়ে থাকায় পঞ্চম স্থানে রয়েছে হায়দরাবাদ (সাত ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট)। ষষ্ঠ স্থানে থাকা রাজস্থানের পয়েন্টও ছয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply