গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলি বেগম (৩০) ধানকোড়া গ্রামের মিজান শেখের মেয়ে।
নিহতের বোন শরনা বেগম জানান, প্রায় ১৫ বছর আগে ফরিদপুর জেলার সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে আলামিনের সঙ্গে মিলি বেগমের বিয়ে হয়। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। গত বৃহস্পতিবার তারা বেড়াতে মিলির বাবার বাড়িতে আসেন।
সোমবার দুপুরে মিলি বেগম ও তাঁর স্বামী আলামিন বাড়ির পাশের একটি পুকুরে একসঙ্গে গোসল করতে যান। কিছুক্ষণ পর আলামিন ভেজা কাপড়ে একাই বাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় মিলির খোঁজ জানতে চাইলে তিনি পরিবারের সদস্যদের বলেন, “মিলি পরে আসবে।”
দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মিলি বেগম বাড়িতে ফিরে না আসায় তাঁর মা পুকুরপাড়ে খোঁজ নিতে যান। পরে পুকুরে মিলির মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী আলামিন পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply