সেরা কন্ঠ ডেস্ক : ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আমির হায়াত ও আশফাক আহমেদ নামে এ দুই ক্রিকেটারের বিরুদ্ধে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর থেকেই আইসিসির দেয়া নিষিদ্ধাদেশ কার্যকর হবে।
আরব আমিরাতের হয়ে খেললেও এ দুই ক্রিকেটারের জন্ম পাকিস্তানে। ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালীন ম্যাচ ফিক্সিং করেন তারা। ভারতীয় ‘ওয়াই’ নামের এক জুয়াড়ির কাছ থেকে তিন লাখ পাঁচ হাজার রুপি নিয়েছিলেন এ দুই ক্রিকেটার।
দুজনের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের জন্য ঘুষ গ্রহণ, আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভাঙা, ৭৫০ ডলারের বেশি মূল্যমানের উপহার প্রাপ্তির কথা বোর্ডকে না জানানো, দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে তথ্য গোপন করা, দুর্নীতির প্রস্তাব গোপন করার অভিযোগ আনা হয়েছে।
আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালে আমির ও আশফাকের বিরুদ্ধে আনিত সব অভিযোগের সত্যতা মিলেছে। তবে আত্মপক্ষ সমর্থনে একজন অন্যজনকে দায়ী করেছেন। দুজনের এই কান্ডকে ‘যৌথ প্রযোজনা’ বলে উল্লেখ করেছে আইসিসি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১৩টি আন্তর্জাতিক ম্যাচের শেষটি খেলেছিলেন আমির। আর ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আশফাক একই বছরের অক্টোবরে আমিরাতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন।
সূত্র : বাসস
Designed by: Sylhet Host BD
Leave a Reply