চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় পশ্চিম খুরুশিয়া সাইরা বাপের টিলা এলাকার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও হুমকির অভিযোগের বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন পারভিন আক্তার (৪০) নামে এক নারী।
অভিযোগকারী পারভিন আক্তার (৪০) পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম পুরুশিয়ার মধ্যম পাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে সাইরা বাপের টিলা এলাকার নুরুল হক ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে। সংশ্লিষ্ট জমিটি তারা ক্রয়মূল্যে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন বলে দাবি করেন।
অভিযুক্তরা হলো মো. হানিফের ছেলে রমজান আলী (২৭), তার স্ত্রী ডেজী আকতার (২২),জাগির হোসেনের স্ত্রী আমেনা বেগম (৪৫),নুরুল হকের স্ত্রী হাজেরা বেগম (৫৫), নুরুল হকের ছেলে আবুল হোসেন (৪০) ও মো. রুবেল।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিজ জমিতে বীজ রোপণ করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয় এবং মারধর করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
পারভিন আক্তার বলেন, “প্রতিপক্ষদের কাছে যদি বৈধ কাগজপত্র থাকে, তবে তারা বিচার-সালিশ বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করতে পারে। কিন্তু তারা থানায় বা সালিশে না গিয়ে বারবার আমাদের হুমকি প্রদান করছে।”
তিনি আরও জানান, তার স্বামী প্রবাসে অবস্থান করছেন, ফলে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তিনি প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে নিরাপদে বসবাসের নিশ্চয়তা কামনা করেছেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বিবাদীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, পারভিন আক্তার তাদের জায়গা দখলের চেষ্টা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তারা দাবি করেন, অভিযোগকারী পক্ষ তাদের ওপর হামলা করতে উদ্যত হলে তারা আত্মরক্ষার্থে প্রতিরোধ করেন।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন,“হামলার অভিযোগের সুরাহার জন্য বিবাদীদের থানায় আসতে বলা হয়েছিল, কিন্তু তারা উপস্থিত হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”পুলিশ আরো জানায়, তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply