চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মরিয়মনগর গাবতল ডিসি সড়ককে আধুনিক ও নিরাপদ করার লক্ষ্যে ৩০ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার মোগলেরহাট ও আলমশাহপাড়া এলাকায় পৃথক দুটি মানববন্ধন কর্মসূচিতে হাজার হাজার লোক অংশগ্রহণ করেন। স্থানীয় জনগণ এই সড়কটির জরুরি সংস্কারের মাধ্যমে উন্নয়নের নতুন সম্ভাবনার আশায় একযোগে দাবি জানিয়েছেন।
রাঙ্গুনিয়া উত্তরের সাতটি ইউনিয়নের মানুষের লাইফলাইন খ্যাত প্রধান যোগাযোগ সড়ক মরিয়মনগর- গাবতল ডিসি সড়কটি দীর্ঘদিন ধরে সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কটির অপ্রতুল প্রশস্ততা ও পুরাতন নির্মাণের কারণে যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। তাই স্থানীয়রা সড়কটিকে অন্তত ৩০ ফুট প্রশস্ত করে আধুনিক মানের সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে মোঃ সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, অধ্যক্ষ আমিরুজ্জামান, সড়ক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, উত্তর রাঙ্গুনিয়া সড়ক আন্দোলনের সভাপতি নুরুল আলম সওদাগর, আবু বক্কর মেম্বার, মোঃ ইলিয়াস, প্রধান শিক্ষক বেলাল হোসেন ও আহমদ ছফা রুবেল সহ আরও অনেকে।অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ বখতিয়ার।
মানববন্ধনে বক্তারা মানববন্ধনে বলেন, সড়কটির প্রশস্তকরণ শুধুমাত্র যান চলাচল সহজ করবে না, বরং এটি রাঙ্গুনিয়ার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনবে। উন্নত সড়ক যোগাযোগ এলাকার সার্বিক বিকাশ ত্বরান্বিত করবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নত করবে।
সড়কটির উন্নয়নে সফলতা পেলে, কৃষকরা সহজে তাদের পণ্য বাজারে পৌঁছে দিতে পারবেন, শিক্ষার্থীরা নিরাপদে স্কুল-কলেজ যাতায়াত করতে পারবে, এবং ব্যবসায়ীরা দ্রুত পণ্য পরিবহন করতে সক্ষম হবেন। এছাড়া স্বাস্থ্যসেবা পৌঁছানোর গতি বাড়বে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে আলমশাহপাড়া এলাকায় অনুষ্ঠিত আরেকটি মানববন্ধন মো: মনজুরুল ইসলাম ও ইলিয়াস কাঞ্চন সঞ্চালনায় বক্তারা বলেন, এই সড়কটি উন্নত না হলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ব্যাহত হবে।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই মানববন্ধনে অংশগ্রহণ করে জনমতের শক্তিশালী প্রকাশ ঘটিয়েছেন। কর্মসূচিটি হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল গণজাগরণের রূপ লাভ করে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুল হাসান জানান, মানববন্ধনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি, তবে এবিষয়ে তাদের কোন দাবী পেশ করা হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply