রাহাত মামুন স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির বাংলাদেশ-ভারতের প্রথম মৈত্রী সেতু-১ এর কাজ শেষ শুধু উদ্বোধনের অপেক্ষায়। শুক্রবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফেনী নদীর ওপর নির্মিত এই সেতু পরিদর্শন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন।
এ সময় তিনি বলেন, ‘আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন হতে পারে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক এই সেতু। ঐদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সেতুটির আনুষ্ঠানিক করবেন বলে আশা করা হচ্ছে।’
মাসুদ বিন মোমেন আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। সেতু নির্মাণও শেষ হলেও ভারতের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্বান্ত জানা যায়নি।
সেতুটি দুদেশের রামগড়ের মহামুনি-ত্রিপুরার সাবরুমকে সংযুক্ত করেছে।
সেতু পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কমকর্তারা।
প্রসঙ্গত, ভারতের ত্রিপুরা, মিজোরামসহ পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সালের ৬ জুন উভয় দেশের প্রধানমন্ত্রী সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply