তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। নির্বাচন কাছে চলে আসছে। আমার জন্য আপনারা দোয়া করবেন। নির্বাচনে যখন আমি আপনাদের দরজায় আসবো, তখন আপনাদের দরজাটা আমার জন্য খোলা রাখবেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে দুস্থ ও অসহায়দের মাঝে চেক ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় অনেক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও’র মাধ্যমে অর্থের সংস্থান করে রাঙ্গুনিয়ায় মোট ২১টি নতুন মসজিদ ভবন করে দিয়েছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে ২০১২ সালে এক কোটি টাকার ঢেউটিন বিতরণ করেছি। প্রত্যেকটা ইউনিয়নে কৃষকদের উন্নয়নে পাওয়ার টিলার কিনে দিয়েছি। দুঃস্থদের মধ্যে রিকশা কিনে দিয়েছি, এখন অটোরিকশা কিনে দিচ্ছি। এভাবে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে নানা উন্নয়ন কর্মকাণ্ড ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার ও এমরুল করিম রাশেদের সঞ্চালনায় এবং এনএনকে ফাউন্ডেশনের পরিচালক মাস্টার আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান, উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিছ আজগর, আকতার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply