করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হলেও সেলফ আইসোলেশনে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও স্বরাষ্ট্রমন্ত্রী সেলফ আইসোলেশনে আছেন এবং ভালো আছেন।
এর আগে শনিবার প্রথমবার পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। পরে সোমবার ধানমণ্ডির ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিকে পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে।
শরীফ মাহমুদ জানান, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনেরও কোভিড -১৯ ধরা পড়ে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২১৫ জনে।
এছাড়া, নতুন করে দুই হাজার ১৩৯ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৬ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২১৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৬৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯৯ শতাংশ।
নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৮৩ জন বা ৭৬ দশমিক ৯৬ শতাংশ এবং নারী এক হাজার ৪৩২ জন বা ২৩ দশমিক ০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৬০৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫১ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮২ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।
সূত্র : ইউএনবি
Designed by: Sylhet Host BD
Leave a Reply