মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে নাজিম উদ্দীন (৩৫) নামে এক ক্রেনচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপনার সময় এ ঘটনাটি ঘটে।
নিহত নাজিম উদ্দীন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার নেমশিকালি গ্রামের তাজু মিয়ার ছেলে। এ ঘটনায় ক্রেনচালকের হেলপার হারুনুর রশিদ গুরুতর আহত হন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, নেসকো’র আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় সিমেন্টের তৈরি বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন কাজ করছিল। শুক্রবার সন্ধ্যায় আদমদীঘির রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ক্রেনের মাধ্যমে খুঁটি স্থাপনের সময় পাশ দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার কেভি বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে পুরো ক্রেনটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ক্রেনের চালক নাজিম উদ্দিন ও তার হেলপার হারুনুর রশিদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চালক নাজিমকে মৃত ঘোষণা করেন। আর আহত হেলপার হারুনুর রশিদ চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরোও জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরে নিহত নাজিম উদ্দীনের মৃতদেহ আইনের প্রক্রিয়া শেষে তার পরিবারে হন্তান্তর করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply