বিনোদন প্রতিবেদকঃ বিগত বছরগুলোর তুলনায় এ বছরের কান চলচ্চিত্র উৎসবটি বাঙালিদের জন্য একটু বিশেষ। কারণ এবারই প্রথম উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো সিনেমা। আর আজ শনিবার ফ্রান্সের কানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে স্বর্ণপামজয়ী সিনেমার নাম। এর মধ্য দিয়ে উৎসবের ৭৪তম আসরের পর্দা নামছে।
এবার উৎসবে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে বাংলাদেশি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি মনোনয়ন পায়। গত ৭ জুলাই পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি থিয়েটারে হয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। সেখানে সিনেমার পুরো টিম হাজির ছিল। এরপর লালগালিচা হয়ে পুরো উৎসব এলাকা চষে বেড়িয়েছেন এর সদস্যরা।
কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের এই সিনেমাটি বোদ্ধাদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। রিভিউ প্রকাশ হয়েছে হলিউড রিপোর্টার, স্ক্রিন ডেইলি ও রজার এবার্টের সাইটসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। যদিও সেই প্রতিধ্বনি মেলেনি ১৬ জুলাই রাতে পুরস্কার ঘোষণার আয়োজনে। এদিন কানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) শুরু হয় আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার অনুষ্ঠান। যেখানে কোনো বিভাগে স্থান পায়নি রেহানা ও তার দল। সকলকে হারিয়ে শেষ হাসিটা হেসেছে রাশিয়ান নারী নির্মাতা কিরা কোভালেনকো পরিচালিত ‘আনক্লেনচিং দ্য ফিস্টস (কিরা কোভালেনকো)’ সিনেমাটি।
পুরস্কার না পেলেও কানের মতো মর্যাদা পূর্ণ চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হতে পেরে গর্বিত টিম ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবে পুরস্কার অর্জন করতে না পারলেও সকলের মন জয় করে নিয়েছে তারা। যার প্রমাণ মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
জানা গেছে ‘রেহানা মরিয়ম নূর’র টিম আজ (১৭ জুলাই) সকাল ৮টার ট্রেনে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড় ছেড়েছে। উদ্দেশ্য প্যারিস হয়ে ঢাকায় ফেরা। এদিকে, সাগরপাড়ের শহরটিতে এখন প্রশ্ন একটাই- কার ভাগ্যে আছে আসরের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম? এবার মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি আমেরিকান কৃষ্ণাঙ্গ পরিচালক স্পাইক লি। বিচারক প্যানেলে বাকি আট বিচারকের পাঁচজনই নারী। এজন্য ফ্রান্সের ক্যাথেরিন করসিনির ‘দ্য ডিভাইড’, মিয়া হানসেন-লাভের ‘বার্গম্যান আইল্যান্ড’ ও জুলিয়া দুকুরনোর ‘টাইটেন কিংবা হাঙ্গেরির ইলদিকো এনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ স্বর্ণ পাম জিততে পারে বলে আশা করা হচ্ছে।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই। একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।
১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন বাঁধন। এ ছাড়াও আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।
সুত্রঃ আমাদের সময়
Designed by: Sylhet Host BD
Leave a Reply