1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শাল্লায় বিদ্যুৎ লাইনে বারবার আগুন, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় বিদ্যুৎ লাইনে ঘন ঘন আগুন লাগার ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কয়েক দিন পরপর উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমার-সংলগ্ন এলাকায় আগুন লাগার অভিযোগ উঠেছে। এতে যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে জাতীয় পতাকার স্ট্যান্ডের কাছে বিদ্যুৎ লাইনে আগুন লাগে। পরে দিরাই-শাল্লার আবাসিক প্রকৌশলীকে বিষয়টি জানিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এক সাংবাদিকের সহযোগিতায় সংশ্লিষ্টদের মাধ্যমে ত্রুটিপূর্ণ লাইন মেরামত করা হয়।

এরপর গত ১২ অক্টোবর আবারও বিদ্যুৎ লাইনে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়। একইভাবে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের সামনের এলাকায় সন্ধ্যায় বিদ্যুৎ লাইনে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, শুধু সরকারি কার্যালয়ের আশপাশেই নয়, উপজেলা সদরের বিভিন্ন স্থানে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার ও সংযোগ লাইনে প্রায়ই আগুনের ঘটনা ঘটছে। কোথাও ট্রান্সফরমারের এক পাশে, আবার কোথাও অন্য পাশে আগুনের ফুলকি ও অগ্নিসংযোগের ঘটনা দেখা যাচ্ছে। ফলে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশেষ করে উপজেলা সদরের বাজার এলাকায় ঘন ঘন এমন ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁদের আশঙ্কা, সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো দিন বড় ধরনের অগ্নিকাণ্ডে বাজারের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ লাইনে বারবার আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন, সংযোগ ও ট্রান্সফরমারগুলো জরুরি ভিত্তিতে পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

এ বিষয়ে শাল্লা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী বলেন, ‘গত কিছুদিন আগে বিদ্যুৎ থেকে আগুন লেগে আমার কার্যালয়ের প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে নষ্ট হয়েছে।’

এ ব্যাপারে দিরাই-শাল্লার আবাসিক প্রকৌশলী পরশুরাম তরফদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি পূজার ছুটিতে বাড়িতে যাচ্ছি। আমিও খবর পেয়েছি। এর আগেও শাল্লায় বেশ কয়েকবার বিদ্যুৎ লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কী কারণে বারবার এমন ঘটনা ঘটছে, তা জানতে আগামীকাল প্রকৌশলী পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখব।’

এদিকে একের পর এক বিদ্যুৎ লাইনে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD