বিনোদন প্রতিবেদকঃ নান্দনিক নির্মান শৈলীর কারণে অনেক দিন ধরেই দর্শকদের প্রশংসা পেয়ে আসছেন নির্মাতা আশফাক নিপুন। কিন্তু সম্প্রতি বানানো তার প্রথম ওয়েব সিরিজ ‘মহনগর’-এর জনপ্রিয়তা পূর্বের সবকিছুকেই যেন ছাপিয়ে গেছে। সামাজিক মাধ্যমে প্রতিদিনই নির্মাতার প্রতি দর্শকদের প্রশ্ন কবে আসছে মহানগর-এর সিজন-২। ঠিক এই অবস্থায় মহানগর-এর দর্শক হিসেবে আশফাক নিপুনকে ফোন করে প্রশংসায় ভাসিয়েছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।
রোববার বিকেল ৫টা ১৯ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে আশফাক নিপুন লেখেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের লেজেন্ডারি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং আমাকে কল করে মহানগর-এর ভূয়সী প্রশংসা করেছেন! প্রায় ১৫ মিনিট কথা হয়েছে উনার সঙ্গে, যার পুরোটাই ছিল মহানগর নিয়ে। মহানগর-এর গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।’
আশফাক নিপুন লেখেন, ‘মহানগর-এর গল্প বলার ধরনে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্স উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুণ চরিত্রে মোশাররফ করিমের অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কম ছিলই না! এটাও বললেন, করিম ভাইয়ের মতো অভিনেতা এখন ওই বাংলাতেও আর দেখা যায় না। শিশুর মতো আগ্রহ নিয়ে মহানগর-এর শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তর কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না!’
ফেসবুকে এ নির্মাতার ভাষ্য, শুটিং ইউনিটের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ফোন রাখার আগে বারবার জোর দিয়ে প্রসেনজিৎ তাঁকে বলেছেন, ‘আপনার সিনেমা বানানো উচিত। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিত সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।’
আশফাক নিপুনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ওয়েব সিরিজটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান ও খায়রুল বাশার।
ওটিটি প্ল্যাটফর্ম হইচই অরিজিনালের ব্যানারে থ্রিলার ঘরানার সিরিজ ‘মহানগর’ মুক্তি পেয়েছে ২৫ জুন।
Leave a Reply