সেরা কন্ঠ ডেস্ক : করোনাভাইরাসের ছোবলে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ভারতে গত ২৪ ঘণ্টায় আরো সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সময় ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে প্রায় এক লাখ ৮০ হাজার মানুষের শরীরে। অবশ্য এই সংখ্যা আগের তুলনায় অনেকটা কম। এপ্রিল থেকে শুরু করে চলতি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত দেশটিতে দৈনিক আক্রান্ত সংখ্যা সাড়ে তিন লাখ থেকে চার লাখ ছিল। আর দৈনিক মৃত্যুও চার হাজার ছাড়িয়ে গিয়েছিল দেশটিতে। সেই তুলনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কমেছে।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৭৯ হাজার ৭৭০ জন। এ সময় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৫৫৮ জন।
এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে দুই কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৭০৫ জন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ১৮ হাজার ৮২১ জন।
আক্রান্তের হিসাবে ভারত বিশ্বে শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর মৃত্যুর পরিসংখ্যানে দেশটির অবস্থান তৃতীয়।
ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৯০ হাজার ৩২৬ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার
Designed by: Sylhet Host BD
Leave a Reply