সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও মেধা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এর শ্রেষ্ঠ চার শিক্ষক-শিক্ষিকাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। শতভাগ স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠ মূল্যায়নের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস এই তালিকা প্রকাশ করে।
নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকেরা হলেন— চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ, কান্দি গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানন বালা সরকার, শান্তি পুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার এবং ঘুঙ্গিয়ার গাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহীনূর আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ জানান, নির্বাচিত শিক্ষকেরা নিজ নিজ ক্ষেত্রে সততা ও দক্ষতার অনন্য স্বাক্ষর রেখেছেন, যা অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।
এদিকে এই গৌরবময় অর্জনে নির্বাচিত শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকেরা। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস জানিয়েছে, শীঘ্রই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেওয়া হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply