সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে একটি কুকুরের কামড়ে শিশু ও এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। ৮ মে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ঘুঙ্গিয়ারগাঁও বাজারের দর্জি রান্টু সরকার (৪৫), কলেজ রোডের বাসিন্দা আমির হোসেনের ছেলে মোঃ হুসাইন মিয়া (৪), এসএসসি পরীক্ষার্থী সাবিত্রী রাণী দাস এবং ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা লিপি রাণী (৪২)। বাকি ৫ জন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে একটি কুকুর বাজারের পথচারীদের ওপর অতর্কিত হামলা শুরু করে। মানুষের পাশাপাশি বেশ কয়েকটি গরু, ছাগল ও ভেড়াকেও কামড়ে আহত করেছে কুকুরটি। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পরপরই আমি বাজার কমিটি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি। জননিরাপত্তা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাজিব বিশ্বাস জানান, “হাসপাতালে আমার ডিউটি চলাকালীন দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমাদের হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন (এআরভি) পর্যাপ্ত মজুত রয়েছে।”
বর্তমানে বাজার এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয়ভাবে চেষ্টা চালানো হচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply