সুনামগঞ্জের শাল্লা উপজেলায় টানা তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। এতে পুরো জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং স্থবির হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় পুরো এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও অফিসগামী মানুষরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। দৈনন্দিন কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা।
এ বিষয়ে দিরাই-শাল্লা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী পরশুরাম তরফদার জানান, “দুই দিন আগে ঝড়ের কারণে প্রায় ২০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ইতোমধ্যে সিলেট থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আগামীকাল থেকে মেরামত কাজ শুরু হবে। পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।”
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন, যাতে জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply