সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাধারণ কৃষকদের মাঝে জাল নোট শনাক্ত করার বিভিন্ন কার্যকর পদ্ধতি তুলে ধরেন সিলেট থেকে আগত ব্যাংক কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের গণমিলনায়তনে এ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, সহযোগিতায় ছিলেন সোনালী ব্যাংক শাল্লা শাখা।
কর্মশালায় সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক শাল্লা শাখার ব্যবস্থাপক সুমন শেখর চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের যুগ্ম পরিচালক (ক্যাশ) আব্দুল বাসেত, পরিচালক (বাংলাদেশ ব্যাংক, সিলেট) পার্থ জ্যোতি দে, এবং সহযোগী পরিচালক প্রবাল রায়।
বক্তারা বলেন, অসাধু চক্র বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের হাতে জাল নোট তুলে দেয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং নোট গ্রহণের সময় জলছাপ, সিকিউরিটি থ্রেডসহ অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য ভালোভাবে পরীক্ষা করতে হবে। তারা আরও জানান, কারও কাছে অজান্তে জাল নোট থাকলে সে অপরাধী নয়, তবে দ্রুত ব্যাংকের মাধ্যমে তা যাচাই বা জমা দেওয়া উচিত।
এছাড়া ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট দেশের যেকোনো ব্যাংকে জমা দেওয়ার আহ্বান জানানো হয়। কর্মশালায় অংশগ্রহণকারীদের সচেতনতা বাড়াতে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
শেষে উপস্থিত সকলের মঙ্গল কামনা করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply