মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার শিবগঞ্জে দিন দুপুরে চোর সন্দেহে অমিত হোসেন (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার ডাকুমারা বন্দর থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত অমিত হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের জাফরুল ইসলামের ছেলে।
জানা গেছে, মোকামতলা-সোনাতলা সড়কে শিবগঞ্জ উপজেলার ডাকুমারা বন্দরে বুধবার দুপুরের পর অমিত হোসেনকে সাইকেল চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে। এরপর মরদেহ ডাকুমারা হাটের ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের পাশে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বন্দরের দোকানীরা দোকান পাট বন্ধ করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, গত বছর অমিত হোসেন ডাকুমারা বন্দর থেকে একটি সাইকেল চুরি করে পালিয়ে যায়। এরপর থেকে তাকে ডাকুমারা বন্দরে দেখা যায়নি। এক বছর পর আবারো ডাকুমারা বন্দরে ঘোরাফেরা করা দেখে লোকজনের সন্দেহ হয়। এসময় কিছু লোকজন তাকে গণপিটুনী দিলে ঘটনাস্থলে মারা যান অমিত হোসেন। পরে মরদেহ ফেলে রেখে সবাই গা ঢাকা দেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, নিহত যুবকের নামে একাধিক চুরির অভিযোগ আছে। তাকে লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।।
Designed by: Sylhet Host BD
Leave a Reply