রাহাত মামুন চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) সংবাদদাতা : লাগাতার চার দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের স্রোতে রাউজানের কয়েকটি খালের পাড় ভেঙে বিভিন্ন গ্রাম, নিম্নাঞ্চল ও চলাচলের সড়কসহ প্লাবিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,ডাবুয়া ও খাঁসখালী খালের পাড় ভেঙে চিকদাইর পাঠান পাড়, দক্ষিণ সর্তা, বেরুলিয়া,দাইয়্যার ঘাটা,সরতের দোকান,জানালী হাট, কুণ্ডেশ্বরী, পশ্চিম সুলতানপুর, ছিটিয়া পাড়া, শরীফ পাড়া,ঢেউয়া পাড়া,হাজী পাড়া,ডাবুয়া দক্ষিণ হিংলা,কলমপতি,রাউজান ইউনিয়নের কেউটিয়া খলিলাবাদ,মঙ্গলখালী, খানখানাবাদসহ বিভিন্ন এলাকা পানির নিচে ডুবে রয়েছে।
উপজেলার জনগুরুত্বপূর্ন হাফেজ বজলুর রহমান সড়ক,চিকদাইর পাঠান পাড়া সড়ক, সাহেব বাড়ী সড়ক,বিনাজুরী লেলাঙ্গারা সড়কসহ কয়েকটি সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এড়াছাও পানিতে ডুবে গেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, মানুষের বাড়িঘর, হাট-বাজার, কৃষকের ফসলী জমি, খামারিদের পোল্ট্রি খামার,মৎস্য চাষীদের পুকুর।কোথাও হাটুঁ পানি,কোথাও কোমর পানি আবার কোথাও গলা পর্যন্ত পানিতে টইটুম্বুর ।
অনেককে জলমগ্ন পানিতে হাত জাল,ভাসা জাল ও বিভিন্ন ধরনের ফাঁদ দিয়ে মাছ ধরতেও দেখা গেছে। বৃষ্টি বন্ধ না হলে পানি বেড়ে জনদুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।অন্যদিকে সড়ক উপর হাঁটু পর্যন্ত পানি হওয়ায় সিএনজি অটোরিক্সা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে আরও দুই তিনদিন ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
গত দুদিন থেকে পানির চাপ বেড়ে যাওয়ায় পৌরসভার জানালী হাট এলাকায় ডাবুয়া খালের পাড় ভেঙে মানুষের বাড়ি ও দোকান ঘরে হাঁটুসমান পানি প্রবেশ করছে। এদিকে রাউজান পৌরসভার দায়ারঘাটা এলাকায় গ্রামীণ সড়ক তলিয়ে গেছে পানির নিচে। রাউজান পৌর সদরের থানা রোডে হাঁটু পানিতে মানুষ চলাচল করতে দেখা গেছে। এছাড়া ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া এলাকার একটি খালের পাড় ধসে বন্যার পানি প্রবেশ করছে লোকালয়ে। ভেসে গেছে বহু পুকুর ও ডোবার মাছ।
রাউজান জলিলনগর-পাহাড়তলী হাফেজ বজলুর রহমান সড়কে নির্মাণাধীণ কালভার্টের পাশে নির্মিত বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় কিছু সময় বন্ধ ছিল যানবাহন চলাচল। ওই ইউনিয়নের কেউটিয়া, খলিলাবাদসহ পৌর এলাকার হাজীপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির সাথে খাল, নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পশ্চিম গুজরা, নোয়াপাড়া, উরকিরচর, বিনাজুরী ইউনিয়নের নিচু এলাকা ডুবে গেছে। গ্রামীণ রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে।
এছাড়া রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের থানা সড়কের উপর পানি প্রবাহিত হচ্ছে। একই ওয়ার্ডের ঢেউয়াপাড়ায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে পানি চলাচলের নালা ভেঙে প্রবল স্রোতে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের জানালী হাট এলাকায় ডাবুয়া খালের পানি বেড়ে বসতঘর, একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। পৌর এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পানির নিচে তলিয়ে গেছে অভ্যন্তরীণ সড়ক। কদলপুর ইউনিয়নের নিন্মাঞ্চল বৃষ্টির পানিতে ফসলি জমি তলিয়ে গেছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, ‘রাউজানে ঝুম বৃষ্টি হয়েছে। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।’
Designed by: Sylhet Host BD
Leave a Reply