মোঃ বাবুল কবীর,জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদরের শহীদ মিনার এলাকায় নলজুর নদীর উপর থাকা পুরনো সেতুটি দেবে গেছে। এতে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে মানুষ অনেক জায়গা ঘুরিয়ে খাদ্য গুদাম এলাকায় থাকা সেতু দিয়ে চলাচল করছেন। যে কারণে জনভোগান্তি বেড়েছে।
জানাগেছে, দীর্ঘ প্রায় ৩৮ বছর আগে তৎকালীন ৪নং জগন্নাথপুর সদর ইউপি চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশীদ হিরন মিয়ার উদ্যোগে জগন্নাথপুর বাজার ব্যবসায়ীরা চাঁদা তুলে জনভোগান্তি লাঘবে এ ছোট সেতুটি নির্মাণ করা হয়। অবশেষে দীর্ঘদিনের পুরনো সেতুটি হঠাৎ করে কয়েক ফুট নিচের দিকে দেবে যায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করলেও রাতে জননিরাপত্তার স্বার্থে জগন্নাথপুর উপজেলা প্রশাসন দেবে যাওয়া সেতুতে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, সেতুটি দেবে যাওয়ার বিষয়টি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়কে জানানো হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে কিভাবে এ সেতুটি আবার চালু করা যায়। আপাতত জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply