সেরা কন্ঠ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভ্যাকসিন (করোনার টিকা) গ্রহণ, নাকে খত দেয়ার শামিল বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়ার দল বিএনপি মানুষকে টিকা না দেয়ার জন্য উৎসাহিত করেছিল। কিন্তু সেই দলের চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার নিজেই ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে নাকে খত দেয়ার মত কাজ করেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর রাসেল স্কয়ারে নিউ মডেল ডিগ্রি স্কুলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালে জীবন ও জীবিকার উভয় চাকার গতি ও দেশের অর্থনৈতিক ধারাবাহিকতা বজায় রাখার কথা উল্লেখ করেন নাননক। প্রধান অতিথির বক্তব্যে জাহঙ্গীর কবির নানক এ সময় আরো বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশে করোনারকালে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন পাশে থাকে। তার প্রমাণ আমরা বহুবার দিয়েছি। আজন্মকাল দিয়েছি। আমরা ভবিষ্যতেও দেবো।
নানক আরো বলেন, আমরা মানুষের দল করি। মানুষের জন্য কাজ করি। মানুষের সেবা করি। এটিই আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়েছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকেই লালন করে আমাদেরকে পথ দেখিয়ে যাচ্ছেন।
বিরোধী দলের সমালোচনায় তিনি বলেন, দেশে কিছু রাজনৈতিক দল আছে। যারা শুধু গলাবাজি করেন। মানুষের প্রতি তারা কোনো দায়িত্ব পালন করেন না। মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা তাদের নেই। সরকারের ভালো কাজেরও সমালোচনা করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই।
বিএনপির সমালোচনা করে তিনি আরো বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে করোনায় আক্রান্ত দেশ। মানুষ দিশেহারা হয়ে গেছে। কিন্তু বিএনপি নামক দলটি মানুষের কাছে আসেনি। এই দলটির জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এই দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এখন উন্মাদের মতো প্রলাপ বকছে।
করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের অপপ্রচার গুজবের সমালোচনা করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিশ্বে যখন ভ্যাকসিন উৎপাদন হলো, যখন অনেক বড় বড় দেশ, বিশ্ব মোড়লরা সেই ভ্যাকসিন পায়নি। আমাদের নেত্রী, জনগণের নেত্রী শেখ হাসিনা সেই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে এসেছিলেন।
নানক বলেন, যখন ভ্যাকসিন এসেছে, তখন এই ভ্যাকসিনের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালিয়েছে। তারা ভ্যাকসিনের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি মানুষকে টিকা না দেয়ার জন্য উৎসাহিত করেছিল।
পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান নানাক।
অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন সভাপতিত্ব করেন। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।
Designed by: Sylhet Host BD
Leave a Reply