সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের বাসিন্দা কাছম আলীর তিনটি গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ইছাকপুর গ্রামের মুশাহিদ মিয়ার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী কাছম আলী বাদী হয়ে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন দুপুর প্রায় ১২টার দিকে মনুয়া গ্রামের পশ্চিম পাশের দেওয়ালের কান্দা এলাকায় চরে থাকা তিনটি গরু দেশীয় অস্ত্রসহ কয়েকজন সহযোগী নিয়ে মুশাহিদ মিয়া নৌকাযোগে তুলে নিয়ে যান। এ সময় এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মনুয়া গ্রামের মোঃ শামছু মিয়া, আব্দুল করিম, মোঃ রাশেল মিয়া, মোঃ বিলশ মিয়া ও মোঃ মোহন মিয়া জানান, আমাদের চোখের সামনে দিয়ে ৪-৫ জন ব্যক্তি মাঠ থেকে গরুগুলো তুলে নৌকায় নিয়ে যায়। আমরা বিষয়টি জানতে চাইলে তারা আমাদের হুমকি দেয়। অন্যের ঝামেলায় জড়াতে না চাওয়ায় আমরা আর কিছু বলিনি।
এ বিষয়ে অভিযুক্ত মুশাহিদ মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ভাই মুজাহিদ মিয়া ফোন রিসিভ করেন।
তিনি দাবি করেন, কিছুদিন আগে আমাদের গ্রামে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই হত্যাকাণ্ডে অভিযুক্তদের গরু আমার মামার বাড়িতে ছিল। তাই আমরা গরুগুলো নিয়ে এসেছি।”
এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এসআই শওকত আলী বিষয়টি দেখছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply