রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি ঃ রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (৩০) নামে এক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী অবৈধ চাঁদের গাড়ি মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
নিহত ইমরান উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে এবং জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে মরিয়মনগর থেকে সে মোটরসাইকেল চালিয়ে সরফভাটা নিজ বাড়ি ফিরছিলো। ফেরার পথে আনুমানিক রাত দেড়টার দিকে রোয়াজারহাট মধুবনের সামনে বিপরীত দিক থেকে আসা অবৈধ জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ির ধাক্কা দেয় তার মোটরবাইকটিকে।
মাথায় হেলমেট থাকলেও চাঁদের গাড়ির বেপরোয়া গতির কারনে সজোরে ধাক্কা লেগে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারে তার দুই বোন এবং সে একমাত্র পুত্র সন্তান ছিলো। তার এমন মৃত্যুতে বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘাতক চাঁদের গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে এটি দক্ষিণ রাজানগরের সোনারগাঁও এলাকার মো. শহীদ নামে একজন চালিয়েছিলো বলে জানা গেছে। গাড়িটি ইসলামপুরের বটতল এলাকার মফিজ সওদাগরের মালিকানাধীন। গাড়ির নাম্বার- ৯২৯৫।
রাঙ্গুনিয়ায় ইটভাটার জ্বালানী কাঠ পরিবহনকারী এসব গাড়ি সড়কে অবৈধভাবে চললেও এসব গাড়ির দাফটে সাধারণ মানুষ বিরক্ত। এসব গাড়ির কারণে সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। মৃত্যুর তালিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও নিস্তার পাচ্ছে না। বনভূমি উজাড় করে আনা জ্বালানি কাঠ বহনের ফলে মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষী মানুষ লাভবান হলেও কষ্ট পাচ্ছেন লাখ লাখ মানুষ।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সংবাদকর্মী ইমরান হোসেন এর মরদেহ থানায় আছে। গাড়ির চালক গাড়ি নিয়ে পলাতক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply