বিশেষ প্রতিনিধি ঃ পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে কালিকাবাড়ি বাজারে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহা সড়কের দু’পাড়ে জুড়ে বসেছে পশুর হাট। ঘন্টার পর ঘন্টা পরিবহন যানজট। পথচারি যাত্রীদের ভোগান্তি চরমে।
(২৫ জুন) রবিবার সরেজমিনে বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ির বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বলইবুনিয়া কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি মাঠে শত শত গরুর হাট বসেছে। একই সাথে আঞ্চলিক মহাসড়কের ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা গেছে। ছোলমবাড়িয়া থেকে বাগেরহাটে ছেড়ে যাওয়া যাত্রীবাহি বাস ঢাকা শরণখোলা রুটে পরিবহন, ট্রাক ইজিবাইক ভ্যান ঘন্টার পর ঘন্টা তীব্র যানজটে পরিনত হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের নেই নজরদারি।
এদিকে গত বছরের চেয়ে এ বছরে পশুরহাটে খাজনা দ্বিগুন আদায় করা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। গরু ছাগল ক্রয় বিক্রয়ে ৫০ হাজার টাকায় খাজনা দিতে হয় ১ হাজার টাকা। ৫০ হাজারের বেশী বিক্রি হলে দিতে হয় ২ হাজার টাকা। প্রাণীসম্পদ অধিদপ্তরের মাধ্যমে পশুরহাট বাজারগুলোতে অস্থায়ী ভিত্তিতে মেডিকেল টিমের কথা থাকলেও হাটে দেখা যাচ্ছে না।
কালিকাবাড়ি পশুরহাট বাজার ব্যবস্থাপনা ইজারাদার মো. ইদ্রিস আলী বলেন, স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠে হাট বসানো হয়েছে। একদিনের এ হাট বসবে। ৯ লাখ ২৬ হাজার টাকা বছর চুক্তিতে বাজারের ইজারা নিয়ে নিয়মিত খাজনা আদায় করা হচ্ছে। পশুর হাটের নির্দিষ্ট কোন যায়গা না থাকায় স্কুল মাঠ ও সড়কের পাশে হাট বসানো হয়েছে।
এ বিষয়ে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন শিকদার বলেন, ইজারাদার কর্তৃপক্ষকে নিষেধ করা সত্ত্বেও জোরপূর্বক বিদ্যালয় মাঠে হাট বসিয়েছে। বিষয়টি তাৎক্ষনিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। আমাদের কোন অনুমতি দেওয়ার প্রশ্নই আসেনা।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, বিদ্যালয় মাঠে এবং সড়কের পাশে পশুরহাট বসানো যাবে না। কালিকাবাড়ি হাটের বিষয়টি তিনি অবহিত নন। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply