আবিকুল ইসলাম , তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে নবাগত ইউপি সচিব যোগদানের পর থেকে অফিসে অনুপস্থিত। এতে ভোগান্তিতে ইউনিয়নবাসী।
সাধারণ মানুষের অভিযোগ আমরা প্রতিদিন জন্ম নিবন্ধন করতে ও নিবন্ধন সংশোধন করতে এসে ইউনিয়ন পরিষদ থেকে ঘুরে যেতে হয়। অফিসে আসলে বলেন সচিব আসলে কাজ হবে।
জানাযায়, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে সচিব পদে গত ২৩ আগস্ট মো. আলমগীর হোসেন নামে একজন যোগদান করেন। তিনি যোগাদানের পর থেকে কোনরূপ ছুটি ছাড়াই (৬সেপ্টেম্বর)পর্যন্ত অনুপস্থিত রয়েছেন।
ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক তাহিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা বলেন, আমি ১০দিন যাবত জন্ম নিবন্ধন সংশোধন করতে ইউনিয়ন পরিষদে আসছি কিন্তু সচিব না থাকায় সংশোধন করতে পারছিনা। এদিকে আমার ছেলের স্কুলে জন্ম নিবন্ধন জমা দিতে হবে। জন্ম নিবন্ধন করতে এতো ভোগান্তি আগে জানতাম না। কাম কাজ বাদ দিয়ে জন্ম নিবন্ধন ঠিক করতে এসে ঘুরে যেতে হয়।
এবিষয়ে নবাগত ইউপি সচিব মো. আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার আজকে ডিসি অফিসে মিটিং ছিলো। তবে কিছুক্ষণের মধ্যে অফিসে আসছি। এতো দিন অফিসে আসেন নাই কেন? এ প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
তাহিরপুর সদর ইউপি সদস্য মোফাজ্জল হোসেন আকসান বলেন, নতুন ইউপি সচিব যোগাদানের পরে তিনি আমাদের কাছ থেকে ৩দিনের সময় নিয়েছিলেন। কিন্তু এর পরে তিনি আর অফিসে আসেননি।
তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী বলেন, সচিব সাব আজকে অফিসে আসার কথা। দেখি উনি কোথায় আছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে কথা বলে দেখছি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply