বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু, ভাতা পাবেন যোগ্য নারীপ্রধান পরিবার,
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নগেন্দ্র চন্দ্র সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় দেশের সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তবে নির্ধারিত আর্থসামাজিক মানদণ্ড অনুযায়ী যোগ্য পরিবারগুলো ভাতা পাবে।
এ লক্ষ্যে ১২ অক্টোবর থেকে দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এতে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা হিসেবে বিতরণ করা হবে।
প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় এনে স্বাবলম্বী পরিবার গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
Designed by: Sylhet Host BD
Leave a Reply