সুনামগঞ্জের শাল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন দৈনিক গণমুক্তি পত্রিকার শাল্লা প্রতিনিধি সাংবাদিক আমির হোসেন। এ ঘটনায় শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট মন্নানপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ঘর ভাঙার অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান সাংবাদিক আমির হোসেন।
পরদিন ১১ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের হসপিটাল রোড এলাকায় মুসলিম ফার্মেসির সামনে বসে থাকা অবস্থায় তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরে শারীরিকভাবে আক্রমণ করেন। এতে তিনি গুরুতর আহত হন বলে দাবি করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে, প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ভেঙে ফেলে এবং মোবাইলে সংরক্ষিত বিভিন্ন সংবাদসংক্রান্ত তথ্য নষ্ট করে দেয়।
এছাড়া তার পকেটে থাকা নগদ ১ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। সাংবাদিক আমির হোসেন অভিযোগে আরও বলেন, হামলার সময় উপস্থিত লোকজন তাকে রক্ষা করতে এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমরা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছি, এটি সত্য। সেখানে প্রায় ৬ একর ৩৩ শতাংশ জমি রয়েছে। মাদ্রাসা তার জায়গায় থাকুক, এতে আমাদের কোনো বাধা নেই। এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর দায়িত্বে থাকা এসআই শওকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply