শাল্লা উপজেলার গিরিধর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে আইনী নোটিশ দিয়েছেন পরীক্ষায় অংশ গ্রহনকারী তিন প্রার্থী। তারা হলেন, সৌরভ সরকার, চয়নিকা তালুকদার ও রনি দাস। এছাড়াও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও এই নোটিশ প্রদান করা হয় বলে জানান প্রার্থীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রার্থীদের পক্ষে এডভোকেট জুলহাস মিয়া এই নোটিশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, নিয়োগ পরীক্ষার আগেই গিরিধর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মৃদুল দাস ও প্রধান শিক্ষক আনন্দ মোহন দাস মোটা অংকের টাকার বিনিময়ে প্রার্থী বাছাই করে ফেলেন। এ নিয়ে ৪ জন প্রার্থীর নাম উল্লেখ করে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেয়ার পর পরীক্ষা স্থগিত করা হয়। পরে বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসকের নির্দেশে জেলা মাধ্যমিক শিক্ষা জাহাঙ্গীর আলম পুনরায় নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেন৷ যা ০৩ ডিসেম্বর গিরিধর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা ফলাফলের সময় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিতর্কিত ব্যাক্তিদের নিয়োগ দেয়ার জন্য পায়তারা চালায়। পরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এই পরীক্ষাও স্থগিত করেন। প্রার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতি উৎকোচ বিনিময়ের মাধ্যমে অভিযুক্ত প্রার্থীদের নিয়োগ দেয়ার জন্য পায়তারা চালাচ্ছে।
পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থী চয়নিকা তালুকদার জানান, যোগ্য প্রার্থীদের কোনো মূল্যায়ন করা হয়নি। যাদের নামে শুরু থেকেই অভিযোগ উঠেছে তাদেরকেই নিয়োগ দেয়ার পায়তারা করছে প্রধান শিক্ষক ও সভাপতি। তাই এই নিয়োগ পরীক্ষা পুনরায় নেয়ার দাবী জানান তিনি।
গিরিধর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মৃদুল কান্তি দাস বলেন, সুষ্টুভাবে প্রার্থী বাছাই করা হয়েছে। টাকা পয়সার লেনদেনের বিষয় আমি কিছু জানিনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন দাস বলেন, পরীক্ষায় অংশগ্রহনকারী মেধাবীদের নির্বাচন করা হয়েছে। এখানে বিন্দুমাত্রও দুর্নীতি করা হয়নি। সকলের উপস্থিতিতে পরীক্ষা নেয়া হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, টাকা পয়সা লেনদেনের অনেক অভিযোগ এসেছে। গিরিধর উচ্চ বিদ্যালয়ের এই নিয়োগে বেশি দুর্নীতি হয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি আরো বলেন, আইনী নোটিশ আমার কাছে দেয়া হয়েছে। তবে এর জবাব প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি দিবেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply