দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীর। তবে অসুস্থতাজনিত কারণে তিনি বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
শাল্লা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. নজরুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন আখি সরকার।
আলোচনা সভায় নিজেদের সফলতার গল্প তুলে ধরেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহায়তা নিয়ে স্বাবলম্বী হওয়া কয়েকজন উদ্যোক্তা ও আত্মকর্মী। তাঁদের মধ্যে ছিলেন উদ্যোক্তা ও আত্মকর্মী মো. নাছিম উদ্দিন, টেইলারিংয়ে অল্পীরানী দাস, পশুপালনে আশিস দাস এবং খামার পরিচালনায় নৃপেশ দাস ও মো. তারেক মিয়া।
তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা অর্জন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কীভাবে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতা পেয়েছেন, সে অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণে যুবকদের কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply