শাল্লা উপজেলার জনস্বাস্থ্য কর্মকর্তার অবহেলায় কারণে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। উপজেলার ফায়ার সার্ভিস রোডে বিশুদ্ধ পানি সরবরাহের পাইপ ফেটে প্রায় এক বছর ধরে রাস্তায় পানি জমে রয়েছে।
এই সড়ক দিয়ে শাল্লা ইউনিয়ন ও বাহাড়া ইউনিয়ন-এর হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে। রাস্তাটির এমন করুণ অবস্থার কারণে সাধারণ জনগণ, শিক্ষার্থী এবং জরুরি সেবার যানবাহন মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছে। এতে তাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের যান চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা, যা যে কোনো জরুরি পরিস্থিতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। স্থানীয় বাসিন্দা রফিক মিয়া ও মোহাম্মদ আজিজ মিয়া জানান, “প্রায় এক বছর ধরে এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। প্রতিদিন মানুষ কষ্ট করে চলাচল করছে। আমরা বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাইনি।”
এ বিষয়ে জনস্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, “আমাকে দু-এক দিন সময় দিন, আমি সমস্যাটি সমাধান করে দেব।” তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো ধরনের মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, বিষয়টি সম্পর্কে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াষ চন্দ্র দাসের সাথে কথা হলে তিনি বলেন বলেন, “আমি বিষয়টি আলোচনা করছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে পাইপ মেরামত করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply